খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. এ জেড এম জাহিদ হোসেন

image 22

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। বিদেশে নেয়ার প্রয়োজন আছে কি না তা মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হবে। আজও বিদেশ থেকে আসা বিশেষজ্ঞরা বেগম জিয়াকে দেখবেন। চিকিৎসকরা যদি মনে করেন, বিদেশে নেওয়া প্রয়োজন, তখন তাকে নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”

ডা. জাহিদ হোসেন জানান, সরকার চিকিৎসায় সার্বক্ষণিক সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশের মানুষের দোয়া প্রয়োজন, যা হয়ত বেগম জিয়াকে সুস্থ হতে সাহায্য করবে।