জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

image 405

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা সনদে স্বাক্ষর করেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সনদ স্বাক্ষর পর্ব। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমাদের অনেক স্রোত থাকলেও মোহনা একটি—গণতান্ত্রিক বাংলাদেশ গঠন। সেই স্বপ্ন ও প্রত্যাশার পথে প্রথম পদক্ষেপই হলো জুলাই জাতীয় সনদ।”

তিনি আরও বলেন, “এই অগ্রযাত্রায় বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে। আশা করি, রাজনৈতিক দলগুলো মত ও পথের পার্থক্য সত্ত্বেও দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে।”

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের নানা খাতে সংস্কার উদ্যোগ শুরু হয়। প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়, যেগুলোর প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একাধিক দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালায়। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে হওয়া আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানো হয়। পরে এই প্রস্তাবগুলোকে ভিত্তি করে জুলাই জাতীয় সনদের খসড়া তৈরি করা হয় এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে তা চূড়ান্ত করা হয়।