চাঁপাইনবাবগঞ্জে বাড়ি ফেরার পথে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

image 100

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাপাতির কোপে নয়ন আলী (২৮) নামে এক যুবদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত নয়ন আলী একই ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আবদুল করিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরাটুলী বাবুপুর এলাকায় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে নয়নের ওপর হামলা চালায়। তাকে একাধিক কোপ দিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৮টার দিকে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নয়নকে হাসপাতালে আনা হয়েছিল মৃত অবস্থায়। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, নিহত নয়ন আলী বিএনপির কর্মী ছিলেন এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সভাপতি আশরাফুল হক ওরফে আশরাফ চেয়ারম্যানের অনুসারী হিসেবে পরিচিত।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।