জনগণ নিশ্চিত নয় নির্বাচন হবে কি না: ব্যারিস্টার আনিস

image 247

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের মানুষ এখন আর বিশ্বাস করে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ও সরকারের উপদেষ্টারা বারবার বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি তাঁরা দাবি করছেন, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু অন্যদিকে সরকারের তথ্য উপদেষ্টা বলছেন, প্রশাসনের সব গুরুত্বপূর্ণ পদ বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। তাহলে এমন একটি প্রশাসনের অধীনে কীভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে? এটি একজন শিশুও বিশ্বাস করবে না।”

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, “আমি যেখানে যাই, বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিই, সেখানে সমাজের বিশিষ্টজন থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই আমাকে একই প্রশ্ন করেন—ফেব্রুয়ারিতে সত্যিই নির্বাচন হবে কি না? আমি তাদের বলি, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। আপনারা প্রশ্ন করছেন মানেই বোঝা যায়, নিজেরাই নির্বাচন নিয়ে সংশয়ে আছেন। দেশের সাধারণ মানুষও এখন সর্বত্র একে অন্যকে একই প্রশ্ন করছে—ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কি না? অর্থাৎ জনগণও বিশ্বাস হারিয়েছে।”

তিনি আরও বলেন, “আজ গায়ের জোরে সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে। আমি সবাইকে সতর্ক করে বলতে চাই—গায়ের জোরে সংবিধান পরিবর্তনের চিন্তা করবেন না। কারণ, আগামী ১০ বছর পর হয়তো আবার এক নতুন আন্দোলন শুরু হবে, তখন যারা সংবিধান পরিবর্তন করেছিল, তাদের অপরাধী হিসেবে বিচার করা হবে।”

সভায় জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সরদার শাহজাহান, ভাইস চেয়ারম্যান জামাল রানা, অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী, আনোয়ার হোসেন তোতা, নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, আনোয়ার হাওলাদার, কেন্দ্রীয় সম্পাদক তাসলিমা আকবর রুনা, মিজানুর রহমান, জিয়াউর রহমান বিপুল, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, ফজলে এলাহী মিঞা, আব্দুস সাত্তার, মাসুম, এস এম হাসেম, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম শোভন প্রমুখ।

এ ছাড়া জাতীয় যুব সংহতির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রওশন মাহানামা, স্বপন হাওলাদার, মিজানুর রহমান দুলাল, প্রীতি বিশ্বাস, আওলাদ হোসেন ও মাহবুবুর রহমান কামাল প্রমুখ।