এইচএসসিতে জিপিএ ৫ অর্জন করল যমজ দুই বোন

image 384

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মানবিক বিভাগে চলতি বছর এইচএসসি পরীক্ষায় যমজ দুই বোন রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি জিপিএ ৫ অর্জন করেছেন। তারা রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন।

এর আগে ২০২৩ সালে মির্জাপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায়ও এই যমজ বোনরা জিপিএ ৫ পেয়েছিলেন।

রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথির বাড়ি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে। তারা ব্যবসায়ী মো. কামরুজ্জামান খোকন ও গৃহিণী মাহমুদা জামানের কন্যা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তারা ট্যালেন্টপুলে মেধাবৃত্তিও অর্জন করেছিল।

কথা ও মিথি জানান, “আমাদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, মা-বাবা, নানা-নানির অবদান সবচেয়ে বেশি। আমরা ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই এবং ম্যাজিস্ট্রেট হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।”

তাদের বাবা কামরুজ্জামান খোকন বলেন, “মেয়েদের এমন সাফল্যে আমরা আনন্দিত। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।”

কথা ও মিথির নানা, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী বলেন, “আমার যমজ দুই নাতনি শান্ত, মেধাবী ও কঠোর পরিশ্রমী। তাদের সাফল্য পরিবারের সবাইকে মুগ্ধ করেছে। লেখাপড়ার পাশাপাশি তারা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সফল। তারা ভবিষ্যতে দেশ সেবায় নিয়োজিত হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করছে।”