
ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :
পাবনা করেসপনডেন্ট: ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে পুলিশ। তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সুজানগর উপজেলার মথুরাপুর দোপপাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নেতা আব্দুল ওহাব মথুরাপুর এলাকার মৃত জাহেদ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি।
পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেফতার অভিযান পরিচালনা করে। পুলিশ সুপার নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর দোপপাড়ার আনিছুর রহমান (অন্য নাম: আনছু) এর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে, ২ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। তবে গ্রেফতার হওয়ার পর তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় স্থানীয়রা। এর পর রাতেই সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ৬৫ জন নামীয় এবং দুই থেকে তিনশ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতেই যৌথবাহিনীর অভিযান চালিয়ে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
/হ্যাভেন টিভি ডট প্রেস
