
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ কথা জানান। তিনি বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে তারা বিস্মিত, আহত ও মর্মাহত।
এর আগে সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘মিসকোট’ করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে বেরিয়ে যান।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত নয়। নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধী দল—সবাই এ বিষয়ে একমত ছিল এবং এর পক্ষে প্রচারও চালানো হয়েছিল। কিন্তু প্রতিকার না পাওয়ায় জনগণের রায়ের যথাযথ প্রতিফলন হয়নি। এ অবমূল্যায়ন মেনে নেওয়া যায় না বলেই তারা ওয়াকআউট করেছেন।
এ সময় স্পিকার বলেন, বিরোধীদলীয় নেতা তার বক্তব্য শেষ করার সুযোগ পাননি। তিনি জানান, পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচনা করা হবে, যেখানে বিরোধী দলের প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। স্পিকার অনুরোধ করেন, বিরোধী দল যেন প্রস্তাবটি শোনার পর সিদ্ধান্ত নেয়। তবে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার বলেও তিনি উল্লেখ করেন।