বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানালো জামায়াত

image 27

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির প্রতি খোলামেলা সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দ্বন্দ্ব নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান প্রয়োজন।

রোববার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো বিরোধে যেতে চায় না। আপনারা যা করছেন, তা বন্ধ করুন। আসুন, আমরা একসঙ্গে বসি।”

তিনি আরও বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে আন্তরিকভাবে আলোচনায় অংশ নিতে হবে। বিএনপিকে আমরা আহ্বান জানাচ্ছি আলোচনায় বসার জন্য। আমরা চাই সত্যিকার অর্থেই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ার পথ খুঁজে বের করতে।”

তাহের জানান, আগামী সোমবার জামায়াতের অভ্যন্তরীণ বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। বিএনপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “মিডিয়ার মাধ্যমেই আমরা আহ্বান জানালাম। এখন দেখি, তারা কী প্রতিক্রিয়া জানায়।”