পুনরায় বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

image 26

এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকার শীর্ষ ৫০ জনের মধ্যে রয়েছেন।

জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ প্রতিবছরের মতো এবারও প্রকাশ করেছে ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ তালিকা। ২০০৯ সাল থেকে এ তালিকা প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

রাজনীতি, ধর্ম, সমাজসেবা, অর্থনীতি, সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী মুসলিম ব্যক্তিরা এই তালিকায় অন্তর্ভুক্ত হন।

এ বছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে পাকিস্তানি ইসলামি স্কলার শায়খ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শায়খ হাবিব উমর বিন হাফিজ।

শীর্ষ দশের বাকি ব্যক্তিরা হলেন—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি (৪র্থ), জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় (৫ম), আল-আজহারের গ্র্যান্ড শায়খ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব (৬ষ্ঠ), তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান (৭ম), সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ (৮ম), সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ (৯ম) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১০ম)।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ১৯৪০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করা ড. ইউনূস তার কর্মজীবনে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্রঋণ ব্যবস্থার পথিকৃৎ হিসেবে তিনি ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

গত বছরও তিনি এই তালিকায় স্থান পেয়েছিলেন।