
ইরানের বিক্ষোভে নিহত ভুক্তভোগী হিসেবে নিজের ছবি টিভিতে দেখে বিস্মিত ইসরায়েলি তরুণী
ইরানের চলমান বিক্ষোভে নিহত ভুক্তভোগী হিসেবে নিজের ছবি ইসরায়েলের টেলিভিশনে সম্প্রচার হতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন নোয়া জিয়ন নামের এক ইসরায়েলি কিশোরী। এই ঘটনা ইরান সরকারের বিরুদ্ধে এবং সাম্প্রতিক অস্থিরতা সংক্রান্ত তথ্যপ্রচারে ইসরায়েলি কর্তৃপক্ষের ছড়ানো ভুয়া খবরের একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে।
প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নোয়া কখনোই ইরানে যাননি। গত সোমবার (২৬ জানুয়ারি) নিজ বাড়িতে বসে তিনি ইসরায়েলের চ্যানেল ১২ নিউজ চালু করেন এবং দেখেন, “ইরানের বিক্ষোভে চার ইহুদি নিহত” শিরোনামের নিচে তার ছবি দেখানো হচ্ছে।
প্রতিবেদনটিতে তাকে ভুলভাবে সানাজ জাভাহেরিয়ান নামে পরিচয় করানো হয় এবং দাবি করা হয়েছে, তিনি বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন এবং গ্রেফতারের পর ইরানি নিরাপত্তা বাহিনী তাকে পিটিয়ে হত্যা করেছে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে নোয়া বলেন, “আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন কিছু ঘটবে… আমি তো আমার বাড়িতেই আছি!”
তিনি আরও বলেন, “আমি এখানে আছি, জীবিত, বাড়িতে বসে আছি এবং আধা ঘণ্টার মধ্যে প্রশিক্ষণে যাব। জীবনে কখনোই আমি ইরানে যাইনি।”
অনেকে এই ভিডিওটি ইরান পরিস্থিতি নিয়ে ইসরায়েলি ভুয়া খবরের হাস্যকর দিক তুলে ধরেছে বলে মনে করছেন। এদিকে, এখন পর্যন্ত চ্যানেল ১২ এ বিষয়ে কোনো প্রকাশ্য সংশোধনী বা বিবৃতি দেয়নি।
নোয়ার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী এটিকে “ইসরায়েলি প্রোপাগান্ডার ব্যর্থতা” বা সাংবাদিকতার একটি ভুল হিসেবে দেখেছেন। এক পোস্টে বলা হয়েছে, “ইসরায়েলি প্রোপাগান্ডা এতটাই কার্যকর যে টিভিতেই নিজের বাসিন্দাদের হত্যা করে।”