
চলমান যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে অন্তত ২৮ জন নিহত এবং আরও ৭৭ জন আহত হয়েছেন।
আল জাজিরার তথ্য অনুযায়ী, বুধবার ১৯ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় আইডিএফ। এছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলের শুজাইয়া ও জয়তুন এলাকায় দুটি ভবনেও হামলা হয়। এসব হামলায় একটি পরিবারে বাবা, মা ও তিন সন্তানসহ সবাই নিহত হয়েছেন।
আইডিএফ জানিয়েছে, যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলো হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং এটি যুদ্ধবিরতি লঙ্ঘন নয়। তাদের দাবি, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই হামাসকে নিরস্ত্র করার শর্ত রয়েছে, তাই ভবিষ্যতেও রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
তবে হামাস এই যুক্তিকে বাতিল করে দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, আইডিএফ দুর্বল অজুহাত দেখিয়ে হামলার বৈধতা প্রমাণের চেষ্টা করছে—এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। হামাসের দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছেন এবং নতুন করে গণহত্যার পরিবেশ তৈরি করছেন, যার ফল ভয়াবহ হতে পারে।