
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মঙ্গলবার বিএনপি নতুন সরকার গঠন করেছে। এদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে—রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে ড. ইউনূস কোথায় থাকবেন?
ঘনিষ্ঠ সূত্র জানায়, যমুনা ছাড়ার পর তিনি গুলশানে নিজের বাসভবনে উঠবেন। এটি সম্ভবত আগামী সপ্তাহে হবে। অন্যদিকে সরকারের একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। এজন্য ভবনটিতে কিছু সংস্কারের প্রয়োজন, যা সম্পন্ন হতে দুই মাস সময় লাগতে পারে।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ৫৫৯ দিন দায়িত্ব পালন করার পর তিনি মঙ্গলবার প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নেন। এরপর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।
জানা গেছে, ড. ইউনূস আগের পেশায় ফিরে যাবেন এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও দেখভাল করতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এটি ১৭ মার্চ অনুমোদন পেয়েছে।