
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়, অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। পোস্টে আরও ধন্যবাদ জানানো হয়েছে ১৮ মাসের যাত্রার সময়ে সবাইকে সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য। সমর্থন, সহযোগিতা এবং সমালোচনা তাদের যাত্রাকে আরও সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এদিন দুপুরে সংসদ সদস্যরাও শপথ নেন। প্রথমে বিএনপির নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন, এরপর ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সংসদ সদস্যরা শপথ নেন। তাদের সবাইকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ ‘Chief Adviser GOB (Head of the Government)’ ১৪ আগস্ট ২০২৪ সালে খোলা হয়েছিল। পেজে বর্তমানে প্রায় ৪৪ লাখের বেশি ফলোয়ার রয়েছে।