বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় সদস্য বাদ

image 59

মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। তবে বাংলাদেশে আসার আগেই তার সেই অধ্যায় শেষ হয়ে যায়। বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে আগেই।

এবার বিপিএলের উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে নতুনত্ব এনেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস বাংলাদেশে এসেছিলেন, তবে তিনি ফিরে যাচ্ছেন। ফলে ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তার আর আসা হয়নি।

চলতি বিপিএলে ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধারাভাষ্যকাররা রয়েছেন। রিধিমার বাদ পড়ার পেছনে মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।

এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে জানায়, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার নির্দেশ দেয়। এই সামগ্রিক উত্তেজনার প্রভাবই রিধিমা পাঠকের বিপিএল থেকে বাদ পড়ার ঘটনায় প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে।