
গেল অক্টোবর মাসে দেশের সড়ক, রেল ও নৌ পথে মোট ৫৩২টি দুর্ঘটনা ঘটেছে, যেগুলোর ফলে ৫২৮ জন প্রাণ হারিয়েছেন এবং ১,৩১০ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত এবং ১,২৮০ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৫২টি দুর্ঘটনায় ৪৭ জনের মৃত্যু এবং ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বুধবার (১২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, প্রতিবেদন তৈরি করা হয়েছে দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার খবরে ভিত্তি করে।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে মোট ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে, যেখানে ১৭৬ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৬.২৪ শতাংশ।
অঞ্চলভিত্তিকভাবে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে—১২৬টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত এবং ৩৪৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে, ২০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে ৫০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৯ জন চালক, ১১৯ জন পথচারী, ২৭ জন পরিবহন শ্রমিক, ৩৮ জন শিক্ষার্থী, ১৪ জন শিক্ষক, ৯৭ জন নারী, ৪০ জন শিশু, ১ জন আইনজীবী, ২ জন সাংবাদিক, ৩ জন প্রকৌশলী এবং ১৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এর মধ্যে নিহত হয়েছেন: ৪ পুলিশ সদস্য, ১ র্যাব সদস্য, ১ বিজিবি সদস্য, ১ আইনজীবী, ৩ প্রকৌশলী, ১৩৩ চালক, ৯৯ পথচারী, ৫৮ নারী, ৩৫ শিশু, ৩৫ শিক্ষার্থী, ১৪ পরিবহন শ্রমিক, ১৩ শিক্ষক এবং ১৪ রাজনৈতিক নেতাকর্মী।
দুর্ঘটনার ধরন অনুযায়ী, ৪৯.৮৯ শতাংশ ঘটেছে গাড়ি চাপার কারণে, ২৫.১৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৯.৬১ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৪.৬৯ শতাংশ বিবিধ কারণে এবং ০.৬৩ শতাংশ ট্রেন বা যানবাহনের সঙ্গে সংঘর্ষে।