ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে জানিয়েছেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক ও বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানোর বিরুদ্ধে তিনি মামলা করবেন।
তিনি জানিয়েছেন, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রাইসুল ইসলামের সুপারিশ পাওয়ার পর থেকেই গত কয়েক দিন ধরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত) খোদা বখস চৌধুরীসহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্দেশ্য ছিল—রাইসুল ইসলামকে আইনের আওতায় আনা।
সাদিক কায়েম আরও জানান, শুধুমাত্র রাইসুল ইসলাম নয়, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অন্যান্য ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধেও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাদের কাছে অনুরোধ জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। সাদিক কায়েম উল্লেখ করেছেন, এসব পেজের বিরুদ্ধে সোমবার (১ ডিসেম্বর) আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
