বরাদ্দ না পেয়ে বন্ধ হাসপাতালে, জামায়াতের ১০ লাখ টাকার অনুদান

image 19

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নির্মিত বহুতল ভবন দীর্ঘদিন ধরে বরাদ্দের অভাবে চালু হয়নি। এ পরিস্থিতিতে হাসপাতাল চালুর উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে তহবিল গঠন করে স্বাস্থ্য বিভাগ।

রবিবার সকালে সেই তহবিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ লাখ টাকা অনুদান দিয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তরের সময় মাওলানা আব্দুল হালিম বলেন, “খাদ্য, শিক্ষা ও দেশের সামগ্রিক স্বার্থে দলমত ভুলে কাজ করতে হবে। হাসপাতাল চালু করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগ প্রশংসনীয়। আমাদের অনুদান দলের প্রচারের জন্য নয়—এটি মানবিক দায়িত্ব। আমরা দল-ধর্ম নির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “চিকিৎসা, শিক্ষা ও দেশের সার্বভৌমত্বের মতো বিষয়ে আমরা দলীয় বিবেচনা করি না। আমরা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি, ভালো কাজের মধ্যেই আমাদের উদ্দেশ্য।”

চেক প্রদান শেষে তিনি দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে হাসপাতালটি পরিদর্শন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা আব্দুল হালিম বলেন, “জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে এর কোনো মূল্য নেই। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রয়োজন। গণভোট এবং নির্বাচন—দুটোই হতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের কারও সঙ্গে বিরোধ নেই। রাজনৈতিক মত প্রকাশের অধিকার সবার আছে। ৮টি দল মিলে গণভোটসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াত আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, গণ অধিকার পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজার রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।