
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, “এখন ম্যাডামের (খালেদা জিয়া) সার্বিক শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় এখন অনেকটাই উন্নতি হয়েছে।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফল পাওয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরই তাঁকে বাসায় নেওয়া হতে পারে।
উল্লেখ্য, বুধবার (১৬ অক্টোবর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।