ভারত পালানোর চেষ্টায় দুই আওয়ামী লীগ নেতা আটক

image 408

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন— বরিশাল উজিরপুর উপজেলা শাখার সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন।

গ্রেপ্তারের পর শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। এর আগে দুজনকে দিনাজপুর কোর্টে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেননি। পুলিশ জানায়, হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও উজিরপুর মডেল থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়াও মাহমুদুল আজাদ রিপনের বিরুদ্ধেও একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও বরগুনা সদর থানায় দুটি মামলা চলছিল। উভয়ই মামলার পলাতক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভ্যালারপাড়া গ্রামের সীমান্তের কাছাকাছি একটি পাকা সড়কের কালভার্টে স্থানীয় কয়েকজন যুবক দুজনকে ইজিবাইকে যেতে দেখেন। খবর পেয়ে বিরামপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, “গ্রেপ্তার দুই নেতা নিরাপদ রুট ধরে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। তারা দেশের সীমান্তের ভ্যালারপাড় এলাকায় দেশীয় ও ভারতীয় দালালদের মাধ্যমে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। একজনের কাছ থেকে ১৭ হাজার টাকা এবং আরেকজনের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।”