
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, মামলায় সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান। তিনি এ মামলার ৪৬তম সাক্ষী। সোমবার (১৫ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ এখনও অসমাপ্ত রয়েছে। দিনটির প্রথমার্ধে তিনি সাক্ষ্য দিয়েছেন, বাকি সময়ে আরও সাক্ষ্য দেবেন। এরপর তাকে জেরা করা হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, মাহমুদুর রহমান ইতোমধ্যেই সাক্ষ্যে তুলে ধরেছেন—কীভাবে ফ্যাসিস্ট সরকার বিরোধী দল ও মতকে দমন করেছিল, এবং গণতান্ত্রিক সরকারব্যবস্থাকে ভেঙে ফ্যাসিবাদ কায়েম করেছিল।
তিনি বলেন, মাহমুদুর রহমানের সাক্ষ্য শেষ হলে আরও দু-একজন সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হবে।