ব্যারিস্টার হতে চান নুসরাত ফারিয়া

image 74

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া—অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপক ও রেডিও জকি—এবার জানালেন তার আরেকটি স্বপ্নের কথা। তিনি ব্যারিস্টার হতে চান। জনপ্রিয় এই তারকা সম্প্রতি কানাডার মন্ট্রিয়েলে চিত্রনায়ক জায়েদ খানের এক প্রশ্নের উত্তরে এমন ইচ্ছা প্রকাশ করেন।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হয়ে ফারিয়া খোলামেলা আলোচনা করেন তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে। এক পর্যায়ে জায়েদ খান জানতে চান, তার কোন স্বপ্ন এখনো পূরণ হয়নি। উত্তরে ফারিয়া বলেন, “আমি ব্যারিস্টার হতে চাই। এটা আমার ছোটবেলার ইচ্ছা। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই স্বপ্ন পূরণ করেন।”

উল্লেখ্য, গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান নুসরাত ফারিয়া। দুই দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। প্রায় চার মাস পর সেই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন তিনি। জায়েদ খানের অনুষ্ঠানে তিনি বলেন, “এ রকম কিছু হবে কখনো ভাবিনি, দুঃস্বপ্নেও না। আমার জীবন খুব সাধারণ—স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাঘুরি, শপিং, পরিবারের সঙ্গে সময়, বন্ধুদের সঙ্গে ভালো খাওয়া—এসব ছোট ছোট জিনিসে খুশি থাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। হঠাৎ করে এত জটিলতা জীবনে আসবে, কী করব আর কী করব না তা নিয়ে ভাবতে হবে—এটাই ভীষণ হতাশার।”

তবে অভিজ্ঞতাটি তাকে ভেঙে দেয়নি। বরং ফারিয়ার মতে, জীবনের এমন কঠিন পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী করে তোলে।