
সরকার জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী ২০২৬ সালের হজে গমন করতে পারবেন না। এ জন্য সকল হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সরকারি হাসপাতাল থেকে চলমান রয়েছে।
রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণের পরই ফিটনেস সনদ প্রদান করা হবে। ফিটনেস সনদ সংগ্রহের পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে হবে।
মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রীকে অনুরোধ করেছে, বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহের পর নির্ধারিত সময়ের মধ্যে ভিসার জন্য আবেদন করবেন। ফিটনেস সনদ ছাড়া কেউ হজে যেতে পারবেন না।
এর আগে, মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া একটি বিজ্ঞপ্তিতে একই নির্দেশনা পুনর্ব্যক্ত করেছেন।