
মেক্সিকোতে সরকারবিরোধী বিক্ষোভে ঝড় তুলেছে জেন জি প্রজন্ম। সহিংসতা, দুর্নীতি এবং সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে তরুণদের আহ্বানে রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ। প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম সরকারের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। এখন পর্যন্ত পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন।
বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উরুয়াপানের জনপ্রিয় মেয়র কার্লোস মানজো। ১ নভেম্বর ‘ডে অব দ্য ডেড’ উৎসবে অংশ নেওয়ার সময় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসবাদ ও মাদকচক্রের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি; স্থানীয় রাজনীতিতেও ছিল তার শক্ত অবস্থান। তার হত্যাকাণ্ডই জেন জিদের এই বিস্ফোরক আন্দোলনের সূচনা ঘটায়।
মানজোর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল— “উই আর অল কার্লোস মানজো।” অনেকেই মাথায় মানজোর পরিচিত খড়ের টুপি পরে মিছিলে অংশ নেন। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ টিয়াগ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
তবে প্রেসিডেন্ট শিনবম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন— ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠী এ আন্দোলনে অর্থ জোগাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকারবিরোধী প্রচার বাড়ানো হচ্ছে।
কার্লোস মানজো হত্যাকাণ্ডের পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। নতুন প্রজন্মের নেতৃত্বে এই বিক্ষোভ মেক্সিকোর রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। সংগঠকরা জানিয়েছেন, সামনে আরও বৃহত্তর আন্দোলন হতে পারে।