
দেশে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৩ অক্টোবর রাতে দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা।
নতুন নির্ধারিত দামে, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এটি দেশের ইতিহাসে এক ভরিতে স্বর্ণের সর্বোচ্চ দাম। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
এর আগে, গত ৮ অক্টোবর দাম সমন্বয় করে বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরিতে স্বর্ণের দাম বেড়েছিল ৬ হাজার ৯০৬ টাকা, যা তখন সর্বোচ্চ ছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।
চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৪৬ বার এবং কমেছে ১৮ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।
একই সঙ্গে রুপার দামও বেড়েছে। এবার ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ২২৪ টাকা বেড়ে ৬ হাজার ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৮০২ টাকা।