যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলের হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

image 98

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চলীয় বানী সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। তাদের মরদেহ নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকলেও এলাকাটি এখনও ইসরায়েলি সামরিক দখলে রয়েছে।

এদিকে গাজা সিটির তুফাহ এলাকায়, যেখান থেকে যুদ্ধবিরতির আওতায় আগে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল, সেখানে গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে। পাশাপাশি ৩১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়, যার বুকে গুলির চিহ্ন ছিল।

মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বদিকে কর্মরত শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং অন্তত চারজন আহত হন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে একই দিন গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়, যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এতে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ, আর গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১২০০ জনের বেশি আহত হয়েছেন।