
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফোনালাপে কথা বলেছেন। এ সময় তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
রবিবার (৪ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ফোনালাপের তথ্য জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা বাণিজ্য, অর্থনীতি ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ফোনালাপে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়েও মতবিনিময় করা হয়। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে চলমান পরিস্থিতির মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা একমত হন।