সর্বনিম্ন তাপমাত্রায় ঢাকা, কমতে পারে আরও

image 31

রাজধানী ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে শীতের অনুভূতি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (৪ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের তিন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস—নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী। সেই তুলনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ কিছুটা বেড়েছে।

তবে রাজধানী ঢাকায় তাপমাত্রা খানিকটা কমে ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, গতকালের তুলনায় ০.২ ডিগ্রি কম।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, ঢাকায় শীতের প্রকোপ গতকালের তুলনায় বেড়েছে। এ ধারা আগামী কয়েকদিনও অব্যাহত থাকতে পারে। আজ দিনের তাপমাত্রা হয়তো ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে, কিন্তু রাতের তাপমাত্রা আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আজ থেকে আগামী দুই-এক দিন সারা দেশের তাপমাত্রা কমতে পারে। ৭ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে, তবে ১০ জানুয়ারি পর্যন্ত তা ২-৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সাধারণত তাপমাত্রা কুয়াশার ওপর নির্ভর করে। কুয়াশা বেশি হলে শীত বেশি অনুভূত হয়। আগামী কয়েকদিন সারা দেশে কুয়াশা বেশি পড়ার কারণে শীতের তীব্রতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।