বাবা-মেয়ের মিলিত সাফল্য, একসঙ্গে এইচএসসি পাস

image 419

নাটোরে বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাস

নাটোরের লালপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা ও মেয়ে। তাদের সাফল্য এলাকার মানুষের প্রশংসা কুড়াচ্ছে। এর আগে তারা একসঙ্গে এসএসসি পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান এই বছর বাঘা কাকড়ামারি কলেজ থেকে এইচএসসিতে অংশ নেন। তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দেন।

আব্দুল হান্নান ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। এরপর সংসার জীবনে মনোনিবেশ করেন। ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেন তিনি। সেই সময় কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন। এবার নিজের মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফল হন।

হালিমা খাতুন বলেন, “সংসারে অভাব থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে চাই।”

আব্দুল হান্নানের সংসারে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। তার শিক্ষার প্রতি অনুরাগ স্থানীয় সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “শিক্ষা অর্জনের কোনো বয়স নেই, যা প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে স্বাগত জানাই এবং তার প্রয়োজনে সহায়তা দেব।”