
ময়মনসিংহে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে সংস্কৃতিকর্মী শামীম আশরাফ (৩৮)–কে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, শামীম আশরাফ নিজের ফেসবুক পোস্টে একজন ব্যক্তির মন্তব্যের জবাবে ধর্ম অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ওই পোস্টটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেফতার ও বিচারের দাবি করেন অনেকে।
আটক হওয়ার আগে শামীম আশরাফ ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছিলেন, “আমার কমেন্টে কেউ ব্যথা পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
জেলা ডিবির (দক্ষিণ) ওসি মহিদুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শামীম আশরাফকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হবে।”