
নতুন সংসদ সদস্যরা কার কাছে শপথ নেবেন তা নিয়ে আইন উপদেষ্টার ব্যাখ্যা
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা (এমপি) রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি, যেমন প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারবেন। এছাড়া, নির্বাচিত হওয়ার তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণের সুযোগও রয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “শপথ গ্রহণের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমাদের দুইটি বিকল্প আছে। প্রথমে রাষ্ট্রপতি মনোনীত কেউ শপথ পড়াবেন, যেমন প্রধান বিচারপতি। যদি সেটা সম্ভব না হয়, তবে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাবেন, যদিও সেই ক্ষেত্রে তিনদিন অপেক্ষা করতে হবে।”
তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী নতুন সংসদ সদস্যরা সাধারণত স্পিকারের মাধ্যমে শপথ নেন। তবে বর্তমান পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার একজন নিখোঁজ এবং অপরজন জেলায় থাকার কারণে তাদের দ্বারা শপথ গ্রহণ সম্ভব নয়। সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাবেন।
আইন উপদেষ্টা বলেন, “এখন বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা হবে। আইন দেখার পর চূড়ান্তভাবে প্রধান উপদেষ্টাকে আমার মতামত জানাবো।”