মেটার সিদ্ধান্তে আমির হামজার ভেরিফায়েড পেজ অপসারণ

image 94

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর থেকে পেজটি আর দেখা যাচ্ছে না।

বিকেল ৪টা ২৬ মিনিটে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক। তিনি জানান, গত কয়েকদিন ধরে পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার হামলার শিকার হচ্ছিল মুফতি আমির হামজার অফিসিয়াল পেজ। এর ধারাবাহিকতায় মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে।

তিনি দাবি করেন, এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টের ফল। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল এই কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এনামুল হক বলেন, একটি ফেসবুক পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। ইতোমধ্যে পেজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সমর্থকদের উদ্দেশে তিনি ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ধৈর্য ধরার অনুরোধ করেন।

এ বিষয়ে তিনি আরও জানান, দুপুরের দিকে পেজটি অপসারণ করা হয় এবং এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পেজটি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।