প্রবাসী ভোটে উচ্ছ্বাস, কিন্তু আছে সীমাবদ্ধতা

image 252

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের মধ্যে এ নিয়ে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ।

ব্যালটের খাম হাতে পাওয়া মাত্রই অনেক প্রবাসী তা যাচাই করছেন, কেউ কেউ মোবাইল অ্যাপে লগইন করে ভোট প্রদানের নিয়ম বোঝার চেষ্টা করছেন। প্রবাসীদের কাছে এটি কেবল একটি ভোট নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

একজন প্রবাসী ভোটার বলেন, “প্রবাসে থেকেও দেশের ভোটে অংশ নিতে পারা আমাদের জন্য আনন্দের। মনে হচ্ছে আমরাও দেশের সিদ্ধান্তের অংশ।”

অন্য একজন বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সঠিক নেতৃত্ব এবং প্রবাসীবান্ধব সরকার চাই।”

তবে সকল প্রবাসী এই উচ্ছ্বাসের অংশ হতে পারেননি। অনেকেই সময়মতো ব্যালট পাননি, কেউ কেউ মোবাইল অ্যাপে লগইন করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন। প্রযুক্তিগত প্রস্তুতি ও সমন্বয়ের ঘাটতির কথাও উল্লেখ করেছেন তারা।

প্রবাসীরা বলছেন, উদ্যোগটি প্রশংসনীয় হলেও বাস্তবায়নে আরও আগেভাগে প্রস্তুতি, ট্রায়াল এবং সচেতনতা বাড়ানো প্রয়োজন ছিল। প্রথমবারের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পোস্টাল ব্যালট প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হওয়া আশা করছেন প্রবাসীরা।