
ইথিওপিয়ার উত্তরে ১২ হাজার বছরের পর আগ্ন্যুৎপাত, ছাই পৌঁছালো দক্ষিণ এশিয়ায়
ইথিওপিয়ার উত্তরে দীর্ঘদিনের সুপ্ত হেইলি গুব্বি আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ছাই ছড়িয়েছে, এমনকি ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের কিছু অংশেও এর প্রভাব দেখা গেছে। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই ১১টি ফ্লাইট বাতিল করেছে। খবর এসেছে আলজাজিরা এবং হিন্দুস্তান টাইমস থেকে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে আফার অঞ্চলে রোববার (২৩ নভেম্বর) সকাল কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের আফদেরা গ্রাম ছাইয়ে ঢাকা পড়ে যায়।
ফ্রান্সের টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইসারি সেন্টার (VAAC) জানিয়েছে, অগ্ন্যুৎপাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যার ফলে ছাই মিশ্রিত মেঘ ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের ওপর দিয়ে ছড়িয়ে পড়েছে।
আফার অঞ্চলের বাসিন্দা আহমেদ আবদেলা বলেন, “মনে হচ্ছিল যেন হঠাৎ বোমা নিক্ষেপ করা হয়েছে।” স্থানীয় পর্যটন আকর্ষণ ডানাকিল মরুভূমিতে যাওয়ার সময় অনেক মানুষ ছাই-ঢাকা আফদেরায় আটকা পড়েছেন।
স্থানীয় প্রশাসক মোহাম্মদ সাইদ বলেছেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে স্থানীয় পশুপালক সম্প্রদায়ের ওপর অর্থনৈতিক প্রভাব পড়তে পারে।
হেইলি গুব্বি আগ্নেয়গিরিটি প্রায় ৫০০ মিটার উচ্চতায় রিফ্ট ভ্যালিতে অবস্থিত, যেখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিস্ট প্রোগ্রাম জানিয়েছে, বর্তমান ভূতাত্ত্বিক যুগে (হলোসিন) এ আগ্নেয়গিরি আগে কখনো অগ্ন্যুৎপাত দেখেনি। ১২ হাজার বছর আগে বরফ যুগের শেষে হলোসিন শুরু হয়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হেইলি গুব্বি থেকে ছাই মিশ্রিত ঘন মেঘ ভারতের ওপর পৌঁছায়। দিল্লি, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব ও হরিয়ানার আকাশে ছাই ছড়িয়ে পড়ে। এ কারণে বিমান চলাচলে প্রভাব পড়ে এবং এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ১১টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া আকাসা এয়ার জেদ্দা, কুয়েত ও আবুধাবি যাওয়া ও আসার সব ফ্লাইট বাতিল করেছে।