
রাজনীতিতে গঠনমূলক পরিবর্তনের পথে আরেক ধাপ এগোল বাংলাদেশ। একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন—এই বিষয়ে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। পাশাপাশি, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত হবে একটি স্বাধীন পুলিশ কমিশন।
রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এসব সিদ্ধান্তের কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
তিনি বলেন, “আমরা এক বিষয়ে আগেই একমত হয়েছিলাম, সেটা হলো—একজন ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকবেন না। এটি আমরা ঘোষণায় অন্তর্ভুক্ত করব।”
বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আগেই বলেছিলাম, ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে পারবেন না। তবে আমরা স্পষ্ট করেছি, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে যথাযথ কমিটি থাকতে হবে। সেগুলো না থাকলে আমাদের শর্ত বহাল থাকবে।”
এ সময় আলী রীয়াজ আশা প্রকাশ করেন, “তিন দিনের মধ্যে আমরা ঐকমত্যের প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।”
এর আগে আলোচনায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনবান্ধবতা নিশ্চিত করতে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব তুলে ধরা হয়। পরে দলগুলো আলোচনার মাধ্যমে কমিশন গঠনের বিষয়ে একমত হয়।
আলী রীয়াজ বলেন, “পুলিশ কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এখন কমিশন গঠনের আইনি কাঠামো ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।”
এই দুই ঐতিহাসিক সিদ্ধান্ত—প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং স্বাধীন পুলিশ কমিশন—গণতান্ত্রিক উন্নয়নের পথে বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।