ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের ৫ জনই মারা গেছে

web 2 1

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছে।

নবজাতকদের ফুপু লিপি বেগম জানান, “ছয় শিশুর মধ্যে পাঁচজন মারা গেছে। একমাত্র যে বেঁচে আছে, তার অবস্থাও ভালো নয়।”

গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢামেকের গাইনি বিভাগে নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের প্রবাসী হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া স্বাভাবিকভাবে তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন।

চিকিৎসকরা জানান, মায়ের গর্ভাবস্থার মেয়াদ ছিল মাত্র ২৭ সপ্তাহ। স্বাভাবিক ডেলিভারিতে জন্ম নেওয়া ছয় নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল। তাই জন্মের পরপরই তাদের রাখা হয় নবজাতক বিভাগের আইসিইউতে। এর মধ্যে ঢামেক হাসপাতালে তিনজন এবং বাইরে একটি হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়।

প্রথমে ঢামেকে একজন মারা যায়, এরপর একে একে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরও চারজন মারা যায়। বর্তমানে একজন নবজাতক চিকিৎসাধীন আছে, তবে তার অবস্থাও সংকটজনক।