
রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর টানা ১৮ দিনের চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুর বলেন, “এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাচ্ছি। এরপর দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা আছে।”
তার স্বজনরা জানান, নুরকে রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গুরুতর অবস্থায় সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ ও বুক রক্তে ভেজা, নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরদিন সকালে তার জ্ঞান ফেরে।