
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কর্মীরা। এ ঘটনায় এক আ.লীগ কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে মিজানুর রহমান নামে ওই কর্মীকে আটক করা হয়। তার বাড়ি সিলেটে। আটককালে তাকে হাতকড়া পরানো হয়।
এর আগে, দুপুরে এমিরেটসের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কে পৌঁছান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকে আ.লীগের নেতাকর্মীরা।

এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েকজন আ.লীগ ও যুবলীগ কর্মী ডিম নিক্ষেপ করেন এবং ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালাগাল করেন। প্রতিক্রিয়ায় আখতার হোসেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পরে পুলিশের সহায়তায় তারা নিরাপদে সেখান থেকে গাড়িযোগে প্রস্থান করেন।