নিউইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

web

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে তিনি নিউইয়র্ক ত্যাগ করেন। জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস। এ সময় দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা সফরসঙ্গী ছিলেন।

নিউইয়র্ক অবস্থানকালে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেন। এছাড়া বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনেও ভাষণ দেন। পাশাপাশি বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার সাবেক প্রধানদের সঙ্গেও বৈঠক করেন।

এ সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন। এ সময় ড. ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বাংলাদেশে আরও ঘন ঘন সফরের আহ্বান জানান।

সবশেষে, তিনি জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনেও বক্তব্য প্রদান করেন।