
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে বিসিবির পরিচালক পদপ্রার্থী একজন জানিয়েছেন।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর আগে মঙ্গলবার ১৫ ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বুধবার সকাল ১০টার দিকে তামিম মিরপুরে হাজির হলে জোর গুঞ্জন ওঠে যে তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে এসেছেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য প্রমাণিত হয়।
তামিমের পাশাপাশি আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও সরে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হয়—
- জেলা ও বিভাগীয় ক্যাটাগরি: এখানে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন ৭১ জন কাউন্সিলরের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দু’জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে নির্বাচিত হবেন।
- ক্লাব ক্যাটাগরি: ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।
- বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি: ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।
পরিচালনা পর্ষদের ২৫ জন সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের ভোটে নির্বাচন হবে বিসিবি সভাপতি পদে।