
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনকে ভারত ভালোভাবে নেয়নি। এর ফলে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ভুয়া প্রতিবেদন এ উত্তেজনা আরও বাড়িয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “ভারত থেকে অনেক ভুয়া খবর ছড়ানো হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনকে ইসলামিক আন্দোলন হিসেবে প্রচার করা হয়েছে। শেখ হাসিনাকেই আশ্রয় দেওয়া হয়েছে—যিনি আসলে সমস্যার মূল। এ কারণেই দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।”
সার্ক প্রসঙ্গে তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করতে হবে। বাংলাদেশ বাণিজ্য ও সমুদ্রপথে সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখতে পারে, তবে নয়াদিল্লির রাজনৈতিক প্রতিরোধ এতে বাধা সৃষ্টি করছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি চলছে। এতে ১২ কোটি ৬০ লাখ ভোটার ১৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।