ক্রিকেট বন্ধ, শুটিং দলে অনুমতি দিল সরকার

image 245

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। তখন জানা যায়, সরকারি অনুমতি না পাওয়াতেই ভারতে দল পাঠানো সম্ভব হয়নি।

তবে ক্রিকেট দল না পাঠালেও দিল্লিতে অনুষ্ঠিতব্য এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জিও) জারি করা হয়। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম জানান, শুটিং দলে একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন—দলটি ছোট হওয়ায় ঝুঁকি কম। পাশাপাশি আয়োজক পক্ষ থেকে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি ইনডোর ও সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নেবেন দেশের অন্যতম শীর্ষ শুটার রবিউল ইসলাম। তাঁর ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। দলের কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার।

নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্টের সুবিধায় রবিউল ইসলাম ভিসা ছাড়াই সাত দিন ভারতে থাকতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। আগামী ৩১ জানুয়ারি তাঁদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

রবিউল ইসলাম জানান, শুটিং প্রতিযোগিতার জন্য অস্ত্র ও গুলি বহন করতে হয়, সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যুব ও ক্রীড়াসচিব বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় জিও ইতোমধ্যে দেওয়া হয়েছে।