সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশ ছাড়ায় আদালতের নিষেধাজ্ঞা

image 42

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন— রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। এর আগে গত বছরের ৬ আগস্ট মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক প্লট বরাদ্দের শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করেন। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় সুদ মওকুফের কোনো বিধান না থাকা সত্ত্বেও সাময়িক বরাদ্দপত্রের শর্ত লঙ্ঘন করে তিনি প্লটটি বরাদ্দ নেন।

অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সুদসহ কিস্তির অর্থ পরিশোধ না করে তিনি বরাদ্দের পাঁচ বছর পর, অবসরের পর সুদবিহীনভাবে টাকা জমা দেন। এতে রাজউকের নীতিমালা লঙ্ঘন করে বিশেষ সুবিধা গ্রহণের মাধ্যমে সুদ বাবদ ৪ লাখ ৭৪ হাজার ২৪০ টাকা পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি সাধন ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।