
ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা—মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং রাজন (১৯)। পুলিশ জানিয়েছে, তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত ৩টার দিকে নগরের ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ করা হয়। পরদিন বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, “এই হামলায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতেও অভিযান চলছে।”