সরকারি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মামলা

image 8

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয় বিএনপির ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সংঘর্ষে গুরুতর আহত ১০ জন বর্তমানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারুক নাজ বেগমকে শীতার্তদের মাঝে ১৮টি সরকারি কম্বল বিতরণের দায়িত্ব দেন জিউপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক ও পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার। পরে ফারুক নাজ বেগম ওই কম্বল বিতরণের দায়িত্ব স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষে আহত জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলী সুস্থ হয়ে থানায় গিয়ে ১৩ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বাদী আনসার আলী অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা তাকে প্রকাশ্যে মারধরের হুমকি দিচ্ছে। তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও অভিযোগ করেন, উপজেলা ও পৌরসভার একাধিক বিএনপি নেতা আসামিদের গ্রেপ্তার না করার জন্য থানা পুলিশকে অনুরোধ করেছেন। এ কারণে আসামিদের প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে ধোপাপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।