
সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার রাজধানীর বায়তুল মোকাররমে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিশে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ সাফল্যে অনেকেই বিস্মিত হয়েছেন। ইনশা আল্লাহ, এই বিজয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে।”
তিনি আরও বলেন, “যারা আমাদের ভালোবাসেন, সমর্থন করেন এবং আমরাও যাদের ভালোবাসি, তাদের নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশগ্রহণের আশা করি।”
জামায়াতের আমির উল্লেখ করেন, আওয়ামী সরকারের দমন-নিপীড়ন, জেল-জুলুম ও নির্যাতন দীর্ঘ সময় ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন দলের নেতাকর্মীরা। অনেকেই জীবন দিয়েছেন। তাদের ত্যাগ ও কোরবানির বিনিময়েই আজ স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ এসেছে। তবে নেতৃত্বে বিনয়ী হওয়ার পাশাপাশি জনগণের সেবক হতে হবে, কৃতিত্ব জাহির করা যাবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছেন, অনেকে অঙ্গহানি ও চোখের আলো হারিয়েছেন। সেই আন্দোলনের ত্যাগের বিনিময়েই ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশ পাওয়া গেছে। তিনি দোয়া করেন, আল্লাহ যেন শহীদদের ত্যাগের উপযুক্ত প্রতিদান দান করেন।
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে দিনব্যাপী এ অধিবেশনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কোরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।