শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসরুমগুলোয় ফিরছে সিসি ক্যামেরা

এসএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ফুটেজ পাঠানোর নির্দেশ

এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসরুমগুলোতে আবারও সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। আর্থিক সংকট থাকলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। এমসিকিউ পরীক্ষার সময় সিসিটিভিতে কোনো যান্ত্রিক ত্রুটি থাকা যাবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আইপিএস রাখার নির্দেশনাও দেন তিনি।

তিনি আরও জানান, পরীক্ষার পরও সিসি ক্যামেরা চালু থাকবে। শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কি না এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন কি না—এসব বিষয় নজরদারিতে রাখা হবে।

মন্ত্রী বলেন, প্রয়োজনে হঠাৎ করে পাসওয়ার্ড নিয়ে তিনি সরাসরি ক্লাসে যুক্ত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতেও পারেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকদের সহযোগিতা করতে হবে।

পাবলিক পরীক্ষা আইন সংশোধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবার শুধু পাবলিক পরীক্ষা নয়, চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।