
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেরপুরে সংঘটিত হামলা জনগণের ওপর আস্থাহীনতার ইঙ্গিত বহন করে। তিনি বলেন, “এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। জনগণের ওপর আস্থা নেই। অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না।”
ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১০ এ নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি এ ঘটনার ফলে নির্বাচনী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। আমাদের অধিকার ও জনগণের অধিকার রক্ষায় আমরা প্রতিবাদ চালিয়ে যাব এবং কাউকেই টানাটানি করার সুযোগ দেব না।”
উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।