
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দগ্ধ হওয়া ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা খোকন দাসের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি ওষুধ ব্যবসার পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট হিসেবে কাজ করতেন।
হামলার সময় খোকন দাস দুর্বৃত্তদের চিনে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ কারণে তাঁকে হত্যার উদ্দেশ্যে শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় একটি মামলা করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।
শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, ‘আমরা ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’