ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

image 9

চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। তার ব্রেন টিউমার ধরা পড়েছে এবং তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় ভার্চুয়ালি যোগ দিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, “আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত, তার চিকিৎসা এখনো চলছে।”

তিনি আরও জানান, এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দিলে প্রথমে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এমআরআই রিপোর্টে টিউমার ধরা পড়ে। এরপর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তাররা জানান, তার অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কারণ টিউমারটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থিত।

পারিবারিক সিদ্ধান্তে তাকে লন্ডনে নেওয়া হয়। গত ২৬ এপ্রিল তিনি লন্ডনে যান এবং সেখানকার হারলি স্ট্রিট ক্লিনিক ও পরে উইলিংটন হাসপাতালে চিকিৎসা শুরু হয়। তিন মাসের পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে আংশিক অস্ত্রোপচার সম্পন্ন হয়। ডাক্তাররা জানিয়েছেন, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হবে।

আগামী সপ্তাহ থেকে ছয় সপ্তাহব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপি শুরু হবে। এরপর চার সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসা শেষে ডাক্তার অনুমতি দিলে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ইলিয়াস কাঞ্চনের ছেলে দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।