ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

Screenshot%202026 03 29%20081616 69cb16eb3f54a

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি স্থানীয় সময় সকাল ১১টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হজ ও ওমরাহ সংশ্লিষ্ট সেবা ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়। এতে বাংলাদেশি হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সৌদি আরব উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের মাধ্যমে হজ ব্যবস্থাপনা উন্নত হয়েছে। এ জন্য বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ। পারস্পরিক আস্থা এবং অভিন্ন ধর্মীয় বন্ধনে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-ওমরাহসহ ধর্মীয় ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।

এর আগে বৈঠকে অংশ নিতে কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পৌঁছালে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধর্মমন্ত্রীকে স্বাগত জানায়। বৈঠকে বাংলাদেশের হজ ও ওমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাব সৌদি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন ধর্মমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্য উপহারও প্রদান করা হয়। সৌদি মন্ত্রীও পাল্টা শুভেচ্ছা উপহার তুলে দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (আইসিডি) ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।